× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৯ এএম

কোটি টাকার স্টেডিয়ামে সুনসান নীরবতা

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৯ এএম

কোটি টাকার স্টেডিয়ামে  সুনসান নীরবতা

আন্তর্জাতিক মানের অবকাঠামো থাকলেও নিয়মিত টুর্নামেন্ট ও প্রতিযোগিতামূলক খেলার অভাবে প্রাণহীন হয়ে পড়েছে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে বড় কোনো ক্রিকেট আয়োজন না থাকায় একদিকে অব্যবহৃত পড়ে আছে মূল্যবান অবকাঠামো, অন্যদিকে ক্রিকেট থেকে ঝরে পড়ছেন জেলার সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা।

স্টেডিয়ামটিতে রয়েছে সবুজ ঘাসের মাঠ, গ্যালারি, মিডিয়া সেন্টারসহ প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজনের উপযোগী নানা সুবিধা। কিন্তু বছরের অধিকাংশ সময় মাঠটি থাকে প্রায় ফাঁকা। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত খেলা না হওয়ায় মাঠে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটির পিচসহ বিভিন্ন অবকাঠামো।

জানা গেছে, ২০০৬ সালে উদ্বোধনের পর একবার শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করা হলেও এরপর আর নিয়মিতভাবে বড় কোনো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে মাঝে মধ্যে অনুশীলন ও ছোটখাটো কিছু খেলা হলেও তা স্টেডিয়াম সচল রাখার জন্য যথেষ্ট নয়।

স্থানীয় ক্রিকেটারদের অভিযোগ, প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারিয়ে ফেলছেন। পর্যাপ্ত সুযোগের অভাবে কেউ কেউ ক্রিকেট ছেড়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন।

অনুশীলনে আসা কয়েকজন তরুণ ক্রিকেটার বলেন, ‘ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও নিয়মিত খেলার সুযোগ নেই। ঢাকার মতো লিগ বা বড় প্রতিযোগিতা না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি।’

সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. মুখলেস উদ্দীন বলেন, ‘এত সুন্দর একটি স্টেডিয়াম থাকার পরও যদি নিয়মিত খেলা না হয়, তাহলে নতুন প্রজন্ম ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে। জেলা লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট ও আন্তঃজেলা প্রতিযোগিতা আয়োজন করা গেলে এখান থেকেই জাতীয় পর্যায়ের ক্রিকেটার উঠে আসতে পারে।’

জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার বলেন, ‘কিশোরগঞ্জে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও প্রত্যাশা, স্টেডিয়ামটিকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামকে শুধু সীমিত অনুশীলন বা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ক্রিকেট আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। তাদের বিশ্বাস, আবারও মাঠে ফিরবে খেলার উত্তাপ, আর কিশোরগঞ্জ থেকেই উঠে আসবে ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটার।

রূপালী বাংলাদেশ

Link copied!