জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও উপকূলীয় জেলা বরগুনার টেকসই উন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) ও জেলা প্রশাসনের আয়োজনে ‘উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনএপিডির মহাপরিচালক ও সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁঁকি বিবেচনায় বরগুনায় প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বিত ও সহনশীল উদ্যোগ জরুরি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। তিনি নদীভাঙন ও লবণাক্ততা নিরসনে মেগাপ্রকল্পের আগে সঠিক সমীক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং বরগুনার সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। কর্মশালায় পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন