আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশজুড়ে বাড়ছে নানা ধরনের সংক্রমণজনিত রোগের প্রকোপ। বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে ডেঙ্গু, ভাইরাল জ¦র, পেটের সমস্যা এবং শ্বাসকষ্টের মতো চার মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হয়েছে। চিকিৎসকদের মতে, এই সময়কার পরিবেশ ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তারা সহজেই এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন। তাই বড় ধরনের ভোগান্তি এড়াতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। এডিস মশার বংশবৃদ্ধি রুখতে বাড়ির চারপাশে, ফুলের টব বা ড্রামে পানি জমতে দেওয়া যাবে না এবং জ¦র কিংবা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে ঘরে ঘরে দেখা দিচ্ছে ভাইরাল জ¦র, গলাব্যথা ও কাশির মতো সমস্যা। এই সংক্রমণ থেকে বাঁচতে পর্যাপ্ত বিশ্রাম ও বিশুদ্ধ পানিপানের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। একই সঙ্গে রাস্তার খোলা খাবার পরিহার করে ফুড পয়জনিং ও পেটের সংক্রমণ থেকে মুক্ত থাকার তাগিদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাতাসে আর্দ্রতা ও ফাঙ্গাস বাড়ায় যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে, তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সামান্য কিছু স্বাস্থ্যবিধি ও সচেতনতা মেনে চললেই আসন্ন বর্ষায় এই স্বাস্থ্যঝুঁকিগুলো অনেকাংশে এড়িয়ে চলা সম্ভব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন