ফিফা বিশ্বকাপ ২০২৬ কে কেন্দ্র করে ফুটবল উন্মাদনা এখন শুধু মাঠে সীমাবদ্ধ নেইÑ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে। বিশেষ করে মেটা তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন নতুন ফিচার যোগ করে এই উন্মাদনাকে আরও ইন্টারঅ্যাকটিভ করে তুলেছে। হোয়াটসঅ্যাপে সবচেয়ে আলোচনায় আছে নতুন ফুটবল অ্যানিমেশন ফিচার। কোনো চ্যাটে ফুটবল ইমোজিতে ট্যাপ করলেই স্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’-এর অ্যানিমেটেড ভিজ্যুয়াল। ধাপে ধাপে চালু হওয়া এই ফিচারটি ৮ জুন থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ফুটবল-থিমের স্টিকার প্যাক এবং ভিডিও কলের জন্য বিশেষ ইফেক্ট, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
মেটা ও অ্যাডিডাসের যৌথ উদ্যোগে তৈরি ‘ট্রিওন্ডা’ বলকে ঘিরেই তৈরি হয়েছে এই ডিজিটাল অভিজ্ঞতা। শুধু অ্যানিমেশন নয়, ব্যবহারকারীরা এখন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ম্যাচের কাউন্টডাউন, লাইভ স্কোর, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং টুর্নামেন্ট আপডেটও সরাসরি জানতে পারবেন।
ইনস্টাগ্রামেও বিশ্বকাপকে ঘিরে এসেছে নতুন সুবিধা। উন্নত সার্চ ফিচারের মাধ্যমে এখন সহজেই বিশ্বকাপ সম্পর্কিত রিলস, স্টোরি, পোস্ট এবং দল বা খেলোয়াড়দের আপডেট খুঁজে পাওয়া যাবে, ফলে আলাদা করে খোঁজার ঝামেলা কমে যাবে।
ফেসবুকেও যোগ হয়েছে ‘ফুটবল মোড’। এই মোডে ব্যবহারকারীরা পাবেন বিশ্বকাপ থিমের রিঅ্যাকশন, অ্যানিমেশন, মিনি গেম এবং কাস্টম অ্যাপ আইকনের সুবিধা। বিশেষ ‘ওয়্যার ইট’ ফিচারের মাধ্যমে নিজের পছন্দের দলের জার্সি ভার্চুয়ালি পরেও দেখা যাবে, যা চাইলে প্রোফাইল বা স্টোরিতে ব্যবহার করা সম্ভব।
এ ছাড়া মেসেঞ্জার ও চ্যাটে যুক্ত হয়েছে ‘গোল!’ নামে বিশেষ ফিচার, যেখানে গোল হওয়ার মুহূর্তে ফুটবল-থিমের অ্যানিমেশন ও ভয়েস ইফেক্টের মাধ্যমে উদযাপনের অনুভূতি পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের রোমাঞ্চ এখন শুধু স্টেডিয়ামেই নয়, ডিজিটাল দুনিয়াতেও সমানভাবে ছড়িয়ে পড়ছেÑ যেখানে কোটি কোটি ভক্ত খেলার প্রতিটি মুহূর্ত আরও কাছ থেকে উপভোগ করতে পারছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন