আজ দেশের শোবিজ অঙ্গনের দর্শকপ্রিয়-কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাসের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য কিছুটা ব্যতিক্রমী। কর্মব্যস্ততার গ-ি পেরিয়ে এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে (আমেরিকা) নিজের জন্মদিন উদযাপন করছেন গুণী এই সংস্কৃতিসেবী।
বর্তমানে নাট্য রচনার পাশাপাশি নাটক পরিচালনা নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সবশেষ ঈদে তার রচনা ও পরিচালনায় চারটি একক নাটক প্রচারিত হয়ে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি নেপালের মনোরম লোকেশনে নতুন ৬টি নাটকের শুটিং করেছেন তিনি, যার মধ্যে ৫টি ইতোমধ্যে প্রকাশ পেয়ে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির অপেক্ষায় আরেকটি নাটকের নাম ‘পেটুক জামাই নেপালে’।
রাজীব মণি দাস একাধারে একজন নাট্যকার, গীতিকবি, ছোটগল্পকার, কবি ও ঔপন্যাসিক। দেশের নাট্যকারদের শীর্ষ সংগঠন ‘নাট্যকার সংঘ’-এর সাংগঠনিক সম্পাদক এবং ‘ডিরেক্টরস গিল্ডস’-এর একজন সদস্য তিনি।
এখন পর্যন্ত প্রায় ২৫০টির মতো একক ও ১৫টি ধারাবাহিক নাটক রচনা করেছেন তিনি। বিজ্ঞাপনের জগতেও তার পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে অসংখ্য কাজ। লেখক হিসেবে তার ঝুলিতে রয়েছে উপন্যাস ‘তাহার জন্য আর কোনো চিন্তা নাই’, বিজ্ঞানভিত্তিক শিশুতোষ উপন্যাস ‘মি. ব্রেইন’, ‘একপশলা বৃষ্টি’ এবং গল্প ‘বাবা’।
সাধারণ লেখার পাশাপাশি সমাজ সচেতনতামূলক কাজেও তার আগ্রহ প্রবল, বিশেষ করে অটিস্টিক শিশুদের বিকাশে সচেতনতামূলক কল্প-কাহিনি রচনা নিয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া বিভিন্ন রিয়েলিটি শো ও চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব মণি দাস ভূষিত হয়েছেন অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কারে। তার প্রাপ্ত সম্মানের তালিকায় রয়েছে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’, ‘ট্রাব অ্যাওয়ার্ড’, ‘সিজেএফবি অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক অঙ্গনের ‘মাদার তেরেসা স্মারক সম্মাননা’।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন