নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রীছাউনিতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রীছাউনিতে ওই নারী সন্তান প্রসব করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। পরে সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২-৩ বছর ধরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার ওই মানসিক প্রতিবন্ধী নারী (৩০) সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শুক্রবার বিকেলে তিনি যাত্রীছাউনিতে একটি পুত্রসন্তানের জন্ম দেন।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিনি গর্ভবতী হন। প্রসূতি ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। তবে ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না। এদিকে জন্মের পর স্থানীয় এক নারী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসী শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, শুক্রবার বিকেলে যাত্রীছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন