আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। বৃহস্পতিবার ভোরে মোহাম্মাদিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আহতদের মধ্যে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে। পাশাপাশি এতিমখানায় থাকা পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় ও বয়স সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। অগ্নিকা-ের পর প্রধানমন্ত্রী সিফি ঘরিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি উদ্ধারকাজে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আলজেরিয়ায় কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই থেকে সারা দেশে ৯ শতাধিক অগ্নিকা- নিয়ন্ত্রণে কাজ করেছে উদ্ধারকারী দল। সর্বশেষ এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন