রাজধানীর তুরাগ এলাকায় দাম্পত্য কলহের জেরে সাত মাসের এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম রাফা মনি। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় তুরাগের কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। পারিবারিক কলহের জেরে বাবা তার একমাত্র সন্তান রাফা মনিকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত শিশুর মা লিমা বেগম জানান, গত বুধবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কবির তাকে মারধর করেন। এরপর তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যায় কবির সেখানে এসে তাকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির তার কোল থেকে শিশুটিকে নিয়ে আছাড় মারেন।
শিশুটির নানি বলেন, কবির পেশায় রিকশাচালক। তিনি নেশা করতেন এবং নিয়মিত কাজ করতেন না। বিভিন্ন অজুহাতে তার মেয়েকে মারধর করতেন। সংসারে সবসময় অভাব-অনটন ছিল। তিনি অভিযোগ করেন, তার ছোট নাতনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন