গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগেই তিনজন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। একই সময়ে ৩০৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা আলাদা প্রতিবেদন এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫৭ জন এবং আক্রান্ত ৬১ হাজার ৪১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এদিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশালে বিভাগে ৫৮ জন রয়েছে। চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৮ হাজার ৭৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ৯১২ জন চিকিৎসাধীন আছে।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন