বাগেরহাটের শরণখোলায় বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নিজেদের ঘর থেকে কবির (৪০) ও তার স্ত্রী হালিমা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, অভাবের কারণে দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে কবির ও হালিমা মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যার কথা উল্লেখ করেছেন। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, চিঠিটি তাদেরই কি না তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন