ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান মানেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচেপড়া ভিড় আর বক্স অফিসে নতুন রেকর্ডের ঝড়। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার রেকর্ড ব্যবসায়িক সাফল্যের পর এই টিমের সঙ্গে আবারও নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান।
জানা গেছে, এই নতুন বিগ-বাজেটের সিনেমার নাম ‘নিঃস্ব’। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই গত ২ জুলাই রাতে মেগাস্টার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
সম্প্রতি শাকিব খান নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমি ও আজিম হারুনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে চুক্তিবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়ে মেগাস্টার ক্যাপশনে লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে, চলুন আবারও ইতিহাস গড়ি।’ এই এক ঘোষণাতেই শাকিব ভক্তদের মাঝে উন্মাদনার পারদ আকাশ ছুঁয়েছে।
জানা গেছে, ‘নিঃস্ব’ সিনেমাটি মূলত একটি বিশাল ক্যানভাসের লাভ-রিভেঞ্জ (ভালোবাসা ও প্রতিশোধ) এবং মেগা অ্যাকশনে নির্মিত হবে। আগামী অক্টোবর মাস থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমায় শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে কে থাকছেন তা এখনো গোপন রাখা হয়েছে। ‘বরবাদ’-এ কলকাতার ইধিকা পাল চমক দেখানোর পর, এবারও কোনো বড় চমক থাকছে কি না তা জানতে কাস্টিং চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিভিন্ন গণমাধ্যমে ‘নিঃস্ব’ নামটি ব্যাপকভাবে চাউর হলেও পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তারা এখনো অফিসিয়ালি নামটি ঘোষণা করেননি। খুব শিগগিরই একটি বিশেষ ভিডিওর মাধ্যমে সিনেমার অফিসিয়াল নাম ও বিস্তারিত রিভিল করা হবে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, মেগা বাজেটের এই বিগ স্ক্রিন এন্টারটেইনারটি ২০২৭ সালের ঈদুল ফিতরে বিশ্বজুড়ে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘বরবাদ’-এর সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এই টিম আগামী বছরের ঈদে বক্স অফিসে নতুন কোনো মাইলফলক স্পর্শ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন