ইউক্রেন যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনায় রাশিয়া আগ্রহী। একই সঙ্গে তিনি জানান, শান্তি চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন।
পুতিন পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা রাশিয়াকে দুর্বল করতে চাইলেও সেই পরিকল্পনা সফল হয়নি। বরং পশ্চিমারা এখন নিজেরাই সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রথম দিনেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে। ক্রেমলিন জানিয়েছে, আপাতত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন প্রস্তাব দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চাইলে রাশিয়ায় সংরক্ষণ করা যেতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমানোর পথ তৈরি হতে পারে বলে মনে করছে মস্কো।
তবে তেহরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন