ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

যুদ্ধ নয়, শর্তেই অনড় মস্কো; হতাশ কিয়েভ

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:০০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না। জেলেনস্কি সম্প্রতি এক খোলা চিঠিতে পুতিনকে মুখোমুখি আলোচনার আহ্বান জানান। যুদ্ধ অবসানে বাইরের মধ্যস্থতার অপেক্ষায় না থেকে সরাসরি সংলাপের ওপর জোর দেন তিনি। তবে পুতিন সেই চিঠির ভাষাকে অশোভন আখ্যা দিয়ে বলেন, যুদ্ধবিরতির আগে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা জরুরি।

রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে পুতিন বলেন, এই মুহূর্তে এমন বৈঠকের অনুকূল পরিবেশ নেই। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেন নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগ পাবে, যা দীর্ঘমেয়াদি সমাধানের পথ নয়। অন্যদিকে জেলেনস্কি পুতিনের অবস্থানে হতাশা প্রকাশ করে বলেন, রাশিয়া আবারও যুদ্ধের পথই বেছে নিচ্ছে। তার মতে, যুদ্ধ বন্ধে আন্তরিকতা থাকলে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা হতো না। যুদ্ধ অবসানের শর্ত হিসেবে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিঝঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার এবং উত্তর আটলান্টিক সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা পরিত্যাগের দাবি জানিয়ে আসছে। তবে কিয়েভ কোনো ভূখ- ছেড়ে দিতে রাজি নয়। তাদের আশঙ্কা, ছাড় দিলে ভবিষ্যতে রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠতে পারে।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে উত্তর আটলান্টিক সামরিক জোটভুক্ত দেশগুলোর ওপর রাশিয়ার হামলার ঝুঁঁকি রয়েছে। ফলে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের এই যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার আলো জাগলেও পুতিনের অবস্থানের কারণে শান্তি প্রচেষ্টা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।