ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারা গেছেন তোফায়েল আহমেদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:৩৫ পিএম
তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবনে তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ-এর অন্যতম সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।