ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সালিশকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:০৯ পিএম
সেলিম বেপারী। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরের বল্লালবাড়ী এলাকায় শালিসকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত সেলিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদার জান্নাতবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জালায়, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে বল্লালবাড়ী এলাকার বাসিন্দা আবুল কালাম বেপারী (৫৫) তার চাচাতো ভাই সেলিম বেপারী হাতুড়ি দিয়ে  মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় উত্তেজিত লোকজন অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানান, অভিযুক্ত সেলিম বেপারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় আট মাস আগে তার মেয়ে পালিয়ে বিয়ে করার পর থেকে তিনি স্ত্রীকে দোষারোপ করে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার সালিসের উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি। বরং একপর্যায়ে সালিসে অংশ নেওয়া চাচাতো ভাই আবুল কালাম বেপারীর প্রতিও ক্ষোভ প্রকাশ করতে থাকেন সেলিম। এরই জেরে হামলার ঘটনা ঘটে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।