ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক ‘নেত্রীর’ নাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওকাণ্ডে এবার নতুন একটি তথ্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিওতে ‘নীলা’ নামে এক নারীর বাসার প্রসঙ্গ উঠে এসেছে, যা সংসদ সদস্যের দেওয়া ব্যাখ্যার সঙ্গে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

নতুন ভিডিওগুলোতে দেখা যায়, কয়েকজন যুবক গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘এই যে এইটা নীলার বাসা। আগে আওয়ামী লীগ করত। এখন দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেয়।’ তবে ভিডিওতে করা এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে আরও শোনা যায়, যুবকেরা সংসদ সদস্যকে প্রশ্ন করছেন, ‘আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন দেখেছি আপনি এখানে আসেন। ধরতে পারছিলাম না।’

একপর্যায়ে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে বলতে দেখা যায়, ‘আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।’ অন্যদিকে ভিডিওতে থাকা মরিয়ম বেগমকে তুলনামূলকভাবে স্থির থাকতে দেখা যায় এবং তিনি উপস্থিত যুবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এর আগে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা মরিয়ম বেগমকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, ভিডিওটি তার দ্বিতীয় শ্বশুরের অফিসে গোপনে ধারণ করেন তারই গাড়িচালক, যিনি মরিয়মের মামাও।

তবে নতুন প্রকাশিত ভিডিওগুলোর বক্তব্য ও ঘটনাপ্রবাহ তার দেওয়া ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে আলোচনা তৈরি হয়েছে।

ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামে নারীর পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর কথোপকথন থেকে ঘটনাস্থল ঢাকার কোনো একটি বাসা বলে ধারণা করা হলেও, এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।