পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে। নিহতদের অধিকাংশের বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে অনেককেই আর বাঁচানো সম্ভব হয়নি। আহতদের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল।
দুর্ঘটনার সময় ছাদের ওপর মেরামতের কাজ চলছিল এবং অতিরিক্ত ওজনের কারণেই সেটি ধসে পড়ে। এলাকার এক বাসিন্দা শোক প্রকাশ করে বলেন, সন্তান হারানো পরিবার এত বেশি যে, আগে কার বাড়িতে গিয়ে সান্ত¡না দেবেন, সেটিই বুঝে উঠতে পারছেন না। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনাটিকে হৃদয়বিদারক ট্র্যাজেডি আখ্যা দিয়ে বলেন, ১৪টি নিষ্পাপ শিশুর প্রাণহানি অপূরণীয় ক্ষতি। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

