ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা ও ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বেঙ্গল টাইগার্স।
তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার। এই সম্মান বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি বড় অর্জন। তার এই অর্জনে বেঙ্গল টাইগারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।’ খেলোয়াড়ি জীবন শেষে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম।
এই নিয়ে সাব্বির আহমেদ বলেন, ‘সফল খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে এমসিসির আজীবন সদস্য হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় আনন্দ আর গর্বের বিষয়।’
উল্লেখ্য, চতুর্থ বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য পদ পেয়েছেন তামিম ইকবাল। এর আগে বাংলাদেশ থেকে এই সম্মাননা পেয়েছিলেন বিসিবির সাবেক সহসভাপতি প্রয়াত রইসউদ্দিন আহমেদ, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার লর্ডসের বিখ্যাত অনার্সের বোর্ডের সামনে তামিম ইকবালের হাতে এই স্মারক তুলে দেয় এমসিসি। ২০১০ সালে এই মাঠে সেঞ্চুরি করে এই অনার্স বোর্ডে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নাম তোলেন তামিম ইকবাল। একই টেস্টে বল হাতে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তোলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির পক্ষ থেকে এবার তামিম ইকবালসহ ৫ জনকে এই সম্মানসূচক সদস্যপদ দেওয়া হয়েছে। বাকিরা হলেনÑ ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সফি ডেভেন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।

