ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে আগুনের বিভীষিকা, নিহত ২৭, আহত  ৬৩

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৪ এএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন এখনো নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাতে রাজধানীর চাতুচাক এলাকায় অবস্থিত একটি বারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল জানায়, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, বারটির ভেতর থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন। অনেকেই আগুনে দগ্ধ হন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের একটি সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অল্প সময়ের মধ্যেই আগুন বারজুড়ে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকা-ের প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটির প্রশাসন।