টানা এক সপ্তাহের ভারি বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে নরসিংদীর জনজীবন। অতিবৃষ্টিতে জেলার প্রায় ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি নরসিংদী পৌর শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলায় ১৫৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণপাড়া, কাউরিয়াপাড়া, সাটিরপাড়া, চৌয়ালা, নাগরিয়াকান্দি, ঘোষপাড়া, বেপারীপাড়া, বানিয়াছল, বীরপুর, ব্রাহ্মন্দী, বিলাসদী ও ভেলানগর।
এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালত এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ধরনের জলাবদ্ধতার সমস্যা দেখা দিলেও তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
নরসিংদী পৌর প্রশাসক মোছা. নাদিরা আক্তার বলেন, পৌরসভার ড্রেনেজ সমস্যা দীর্ঘদিনের। দ্রুত পুরো সমস্যার সমাধান সম্ভব নয়। তবে ড্রেনের আবর্জনা পরিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, অনেক স্থানে রাস্তার পাশে মাটি ফেলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে।
এদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ নি¤œআয়ের মানুষ। বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না। ফলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক জানান, অতিবৃষ্টিতে জেলার প্রায় ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আউশ ধান, রোপা-আমন ধানের বীজতলা এবং বিভিন্ন সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি দ্রুত নেমে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

