ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আসামে ভয়াবহ বন্যা : বিপর্যস্ত ১৬ জেলা, নিহত ১০

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৪১ এএম

ভারতের সীমান্তবর্তী আসাম রাজ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ৩৫ জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিভাসগড়, চারাইদিও ও জোরহাট জেলা। রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রহ্মপুত্র, বুরহিদিহিং, দিসাং ও ধানসিঁড়িসহ একাধিক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত ১৯ হাজার ১০০ হেক্টর ফসলি জমি এবং বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  দুর্গত মানুষের জন্য ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে।

সেখানে প্রায় ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বাহিনী, রাজ্য উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছেন। এদিকে সিকিম রাজ্যের নামচি জেলায় ভূমিধসে একটি নির্মাণাধীন টানেল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। টানা বৃষ্টি, অস্থিতিশীল মাটি এবং টানেলের ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।