ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

টিটিইর বিরুদ্ধে মারধর ও অনিয়মের অভিযোগ

রাবি শিক্ষার্থীদের অবরোধে ৯ ঘণ্টা বন্ধ রাজশাহীতে রেল চলাচল

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:১৭ এএম

ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিভাগীয় কমিশনার ও রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ার আশ^াস দিলে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ফলে প্রায় ৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান জানান, অভিযুক্ত টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন অভিযোগ করেন, গত সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি কয়েকজন যাত্রীর কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই অর্থ আদায়ের ঘটনা দেখতে পান। এর প্রতিবাদ করলে দায়িত্বরত এক টিটিই তাকে মারধর করেন। ফোরকানের দাবি, ঘটনার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে কার্যালয়ে অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবারের ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে রাবিসংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস ও ঢাকা মেইলসহ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন মঙ্গলবার বিকেলে জানান, অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং দিনের কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলও হতে পারে। তথ্য অনুসারে, সময়সূচি বিপর্যস্ত হওয়া ট্রেনগুলোর মধ্যে আছে পদ্মা, বনলতা, সিল্ক সিটি, মহানন্দা, বরেন্দ্র, কপোতাক্ষ, ঢালারচর, ধূমকেতু ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। এ ছাড়া মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনের সময়সূচি বিঘিœত হওয়ার আশঙ্কা আছে।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক যৌথ বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি সর্বসম্মতিক্রমে মেনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের অংশ হিসেবে অভিযুক্ত টিটিই সুমন আলীকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার সুষ্ঠু তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দুটির একটি পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ এবং অপরটিতে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এ ছাড়া বৈঠকে আহত শিক্ষার্থী ফোরকান উদ্দীনের চিকিৎসাসেবা নিশ্চিত করা, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে চলাচলকারী পদ্মা, সাগরদাঁড়ি ও তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহাল করা এবং আগামী ৬ আগস্ট গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম এই জরুরি পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিভাগীয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও ইতিবাচকভাবে বিবেচনা করেছে।

জরুরি এই বৈঠক শেষে বিকেল সোয়া ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি জানান, শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। তারা সার্বিক বিষয়ে সন্তুষ্ট। অপেক্ষমাণ যাত্রীদের কাছে তিনি সাময়িক দুর্ভোগের জন্য ক্ষমা চান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের চার দফা দাবি হলোÑ অভিযুক্ত টিটিইকে ঘটনাস্থলে এনে জবাবদিহির আওতায় আনা; ঘুষ গ্রহণের অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা; শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষের বাদী হয়ে মামলা করা ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

এর আগে রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক জিয়াউল আহসান পরিস্থিতি সম্পর্কে জানান, প্রতিদিন রাজশাহী স্টেশন থেকে প্রায় ৩২টি ট্রেন চলাচল করে। হঠাৎ অচলাবস্থার কারণে নির্ধারিত সব ট্রেনের সূচি চরমভাবে বিঘিœত হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে যেসব যাত্রী গন্তব্যে ভ্রমণ করতে পারছেন না, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। অভিযুক্ত টিটিইর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ স্থাপন করা যায়নি উল্লেখ করে স্টেশন ব্যবস্থাপক বলেন, এ ধরনের বিষয়ের সমাধান একমাত্র প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া সম্ভব।