ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০১ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যোগ্য কেমিস্ট ছাড়াই প্রসাধনী উৎপাদন এবং উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষার ব্যবস্থা না রাখায় একটি কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অবস্থিত ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে কোনো যোগ্য কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন প্রসাধনী উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষারও কোনো ব্যবস্থা ছিল না, যা ভোক্তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।