টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল-সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ, একজনকে তিন হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল বন বিভাগের মধুপুর রেঞ্জের চাড়ালজানি ও মহিষমারা বিট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা জাহান, ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম, রেঞ্জার ফয়সাল হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

