ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৩৯ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন বৃদ্ধির করতে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদনের ফলে ব্যাংকটি সরকারের অনুকূলে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে। এতে ব্যাংকের পরিশোধিত মূলধনও বাড়বে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

ডিএসইর তথ্যানুসারে, গত বছরের ৩০ জুন ব্যাংকটি ডিএসইর মাধ্যমে এই শেয়ার ইস্যুর আগ্রহ প্রকাশ করে। এর ধারাবাহিকতায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি গত রোববার চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, ব্যাংকটি সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে। গতকাল সোমবার ব্যাংকটির প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬.৯০টাকা।