ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

হেয়ারকাট প্রত্যাহারের ঘোষণা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০১:০৭ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে ঘোষিত ‘হেয়ারকাট’ প্রত্যাহারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির ভুক্তভোগী গ্রাহক ও আমানতকারীরা। একইসঙ্গে আমানতের প্রভিশনাল মুনাফার হার পুনর্নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, পূর্বের মুনাফার হার বহাল এবং সবধরনের ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার স্মারকলিপিটি দেওয়া হয়।

এতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট স্মারক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ২৯ জুনের প্রজ্ঞাপনের উল্লেখ করে গ্রাহকরা বলেন, জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হেয়ারকাট প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন, তা এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয়নি। ফলে লাখো আমানতকারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত এ বিষয়ে অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপিতে আরও বলা হয়, ২৯ জুন জারি করা আমানতের প্রভিশনাল মুনাফার হার পুনর্নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে দেশের অন্যান্য তপশিলি ব্যাংকের মতো পূর্বের মুনাফার হার বহাল রাখতে হবে। পাশাপাশি এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী মুনাফাসহ পরিশোধ এবং অর্থ ফেরতের বিদ্যমান স্কিম পুনর্বিন্যাসেরও দাবি জানান তারা। গ্রাহকদের অভিযোগ, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার পর গত দুই বছর ধরে তারা কষ্টার্জিত আমানতের অর্থ ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে চরম সংকটে পড়েছে। তাদের ভাষ্য, সংসদে হেয়ারকাট প্রত্যাহারের ঘোষণায় আশার সঞ্চার হলেও তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা সারা দেশে ব্যাংকের শাখাভিত্তিক কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সমগ্র বাংলাদেশের ভুক্তভোগী আমানতকারীদের পক্ষে স্মারকলিপিতে মো. আলিফ রেজা, দেওয়ান মো. পলাশ, ক্যাপ্টেন হাসান, অসীম কর্মকার, মো. বানেজউদ্দীন, নবাব শহীদুল্লাহ, নওশিন জাহান, মঞ্জুরুল ইসলাম, মো. আযমউদ্দীন ও মো. আবু ইউসুফসহ ১০ জন প্রতিনিধি স্বাক্ষর করেন।