× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:০৫ পিএম

দিল্লিতে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে ড. খলিলের বৈঠক

শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:০৫ পিএম

শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আবারও করেছে বাংলাদেশ সরকার। দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত চাওয়ার কথা গতকাল বুধবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত। নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানান।

তিন দিনের সফরে দিল্লিতে যাওয়া খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরি ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ সম্মত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে গত মঙ্গলবার দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে তিনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একসঙ্গে মরিশাসে রওনা দেবেন, যেখানে তারা ৯তম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন।

আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয় এবং প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে। খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয় পক্ষের স্বার্থ রক্ষার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও ব্যাবসা ভিসা দেওয়ার প্রক্রিয়া সামনের সপ্তাহগুলোতে আরও সহজ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরিকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। মন্ত্রী হরদীপ জানিয়েছেন, ভারত সরকার এই অনুরোধ গুরুত্বের সঙ্গে সানন্দে ও অনুকূলভাবে বিবেচনা করবে। উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে আলোচনা করতেও সম্মত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ‘নির্দেশ ও ইন্ধনদাতা’ হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ১৭ নভেম্বর মৃত্যুদ- দেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দিতে দ্বিতীয়বারের মতো অনুরোধ জানিয়ে রায়ের চার দিন পর ২১ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা ও কামাল। ওই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারকাজ শুরুর পর হাসিনাকে ফেরাতে ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে প্রথমবার চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে বিচারকাজ শেষে রায় হয়ে গেলেও সেই চিঠির জবাব দেয়নি ভারত সরকার। চিঠির প্রাপ্তি স্বীকার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমরা অনুরোধটি পেয়েছি এবং তা পর্যালোচনা করা হচ্ছে।’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লি থেকে কোনো জবাব না পাওয়ার মধ্যে আবারও অনুরোধ জানাল বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!