প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক এবং প্রতিরক্ষা ও রাজনৈতিক খাতে সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে।
গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে।
দুই দেশের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ হয়। বৈঠকের শুরুতে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে তিন দিনের বাংলাদেশ সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। গত শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন।

