ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

১১ দলের সমাবেশে হুঁশিয়ারি

সরকারকে বেশি দিন সুযোগ দেব না

রূপালী প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৫৯ এএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে উপস্থিত শরিক দলের নেতারা বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এলেও বিএনপির রাজনৈতিক আচরণে পরিবর্তন আসেনি। তারা অভিযোগ করেন, পুলিশি হয়রানি, পুরোনো স্বৈরাচারী চর্চা এবং বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সময় খুব সীমিত। সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, সরকারকে গণভোটের গণরায় মেনে নিতে হবে। সরকার যদি বর্তমান গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নেয়, তাহলে শেষ পর্যন্ত ১৯৯৬ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। ১৯৯৬ সালে নিজেরাই যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে পাস করাতে বাধ্য হয়েছিল, এবারও গণভোটের রায় বাস্তবায়নে তা করতে বাধ্য হবে। ভালোয় ভালোয় মেনে নিন। জনগণকে রাজপথে ঠেলে দেবেন না।

নেতাকর্মীদের ‘জেল’ বা ‘ফাঁসি’র ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেন নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে তারা বারবার জেলে যেতে এবং জীবন দিতে প্রস্তুত। মনে রাখবেন, জেলের তালা বা চাবিওয়ালা কোনোটিই স্থায়ী নয়; দিন পরিবর্তন হয়।

দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য তুলে ধরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে আপনারা একজন ‘সর্ববিষয় বিশারদ’ মন্ত্রী পেয়েছেন, যিনি একাই সব মন্ত্রণালয় চালান। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তিনি বিভিন্ন জেলায় গিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন। এমনকি কক্সবাজারে গিয়ে তিনি দাবি করেছেন যে বিরোধী দল নাকি বাজেটে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে মিছিল করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। প্রধানমন্ত্রীর পদটি একটি রাষ্ট্রীয় পদ; তার মুখ দিয়ে অনবরত এমন ভুল ও মিথ্যা তথ্য বের হওয়া জাতির জন্য লজ্জাজনক ও ক্ষতিকর। বাজেটের সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ না করে আপনাদের ধৈর্য ধরা উচিত ছিল। জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে কথা বলার পরিবেশ না পেয়ে তারা জনগণের সংসদে অর্থাৎ, রাজপথে চলে এসেছেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ দেশ ও সীমান্ত রক্ষায় সজাগ বলে মন্তব্য করেছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচিত সরকার আসার পর চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা করেছিলেন জনগণ। কিন্তু বাস্তবে তা বেড়েছে। দুর্নীতিকে আজ জাতীয়করণ করা হয়েছে।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী কক্সবাজারে বিরোধী দলের বাজেট সমালোচনার বিষয়ে মন খারাপ করেছেন; কিন্তু আমরা কেন প্রশংসা করব? এই বাজেটে দুর্নীতি, লুটপাট ও ব্যাংক দখল বন্ধ করার কোনো রাস্তা রাখা হয়নি। এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে; আর কত টাকা সরকারি দলের নেতাকর্মীদের পকেটে যাবে, তার কোনো সঠিক হিসাব নেই। এটি একটি বাস্তবতাবিবর্জিত বাজেট, যা বাস্তবায়ন করতে বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা ঋণ নিতে হবে। দেশে সুশাসন, স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত না হলে এই দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে না।’

পুলিশি হয়রানি, পুরোনো স্বৈরাচারী চর্চা এবং বিরোধী মত দমনের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের ওপর আবারও জুলুম-নির্যাতন নেমে এসেছে এবং সরকার পুরোনো স্বৈরশক্তির ধারাবাহিকতাই বজায় রাখছে।

তিনি বলেন, বর্তমানে ব্যাংক দখল শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এস আলমের গাড়িতে চড়ে কে সংবর্ধনা নিয়েছিলেন এবং কারা তাকে প্রোটেকশন (সুরক্ষা) দিচ্ছেন, তা বাংলাদেশের জনগণ জানে। জনগণ এই দখলদারি কোনোভাবেই মেনে নেবে না।

ভারত থেকে নতুন হাইকমিশনার আসার পরপরই মৌলভীবাজার সীমান্তে আবারও এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। বাংলাদেশ ও ভারতের আকাশ এবং মাটি এক নয়; এর ফয়সালা ১৯৪৭ সালেই হয়ে গেছে। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালে বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকবে না।’

সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মা-বোন ও মেয়েরা ঘর থেকে বের হতে বা স্কুল-কলেজে যেতে নিরাপদ বোধ করছে না। চোর-ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে হলে সরকারকে কঠোর হতে হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। তিনি বলেন, আগের আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর বিএনপির হয়েছে ‘কার্ড বন্ধু’। তারা কথায় কথায় শুধু নতুন নতুন কার্ডের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্প সময়ের মধ্যে এতটা অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য হয়ে ওঠেনি। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি নেই।

দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এলেও বিএনপির রাজনৈতিক আচরণে পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশ বদলেছে, কিন্তু আপনাদের (বিএনপি) খাসলত বদলায়নি। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।