কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে। গতকাল শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, মতের পার্থক্য ব্যালটে হতে পারে; কিন্তু দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে দলেরই হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের অনেক প্রচার হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন। তিনি কোথাও ব্যক্তিবন্দনা করেন না, যা আগে অহরহ দেখা যেত। তিনি জনবিচ্ছিন্ন নন; বরং মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি মাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলা সফর করছেন। তিনি আরও বলেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনেও অস্থিরতা তৈরি হয়নি। এটি একটি জীবনবান্ধব বাজেট।
নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। গতকাল শনিবার বিকেলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেই উন্নয়নটা কোথায় হয়েছে? কিন্তু ফ্যাসিস্ট আমলে অনেক জায়গায় অবনতি হয়েছে। সামাজিক ও মূল্যবোধের জায়গায় অনেক অবনতি হয়েছে, যা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে। সালেহ শিবলী বলেন, তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই আমরা। সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।
প্রতিটি হত্যাকা-ের বিচার নিশ্চিত করবে সরকার : বর্তমান সরকার প্রতিটি হত্যাকা-ের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি আপামর জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। সেই সঙ্গে সরকার ও জনগণের মধ্যে গভীর আস্থা ও নির্ভরতা আজ এই রাষ্ট্রব্যবস্থাকে প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। কয়েকটি উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় এবং ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি হত্যাকা-ের বিচার নিশ্চিত করতে চায়।
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা : বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের গত ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র ১৫০ দিন অর্থাৎ পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটা হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়। কিন্তু, একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য। প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন পরীক্ষা।
মাহদী আমিন বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ়বার্তা। একই সাথে সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান।’ তিনি বলেন, ‘পাঁচ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ জনগণকে সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথচলা সরকারের সবচেয়ে বড় প্রেরণা।’
তিনি বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধারে ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন।’ গত পাঁচ মাসে জনগণের আস্থা ভালোবাসা ও সমর্থন ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় স্বল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা অর্জনে বর্তমান সরকার দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।’ বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করে মাহদী আমিন বলেন, ‘দুই বছর আগে আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানাসহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে সে আন্দোলন পরিণত হয়েছিল।’
সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা : সংবাদপত্র ও গণমাধ্যমের ওপরে বিগত ১৭ বছরে আরোপিত বিভিন্ন কালো আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস-সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

