ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের এআই

ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন চমক

ইনফোটেক প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:১২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুনিয়ায় এতদিন রাজত্ব ছিল ইন্টারনেটনির্ভর ক্লাউডভিত্তিক সেবাগুলোর। চ্যাটজিপিটি, ক্লড কিংবা গুগলের নিজস্ব জেমিনি ব্যবহার করতে সবসময়ই প্রয়োজন হতো উচ্চগতির ইন্টারনেট সংযোগ। তবে এবার সেই ধারা বদলে দিতে সম্পূর্ণ অফলাইনে, ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহারের সুবিধা নিয়ে এলো টেক জায়ান্ট গুগল। সম্প্রতি ম্যাক ব্যবহারকারীদের জন্য গুগল উন্মোচন করেছে নতুন এআই প্ল্যাটফর্ম ‘এআই এজ গ্যালারি’। এর মাধ্যমে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে সরাসরি এআই মডেল চালাতে পারবেন।

অন-ডিভাইস এআই : গতি ও সুরক্ষার নতুন দিগন্ত

ক্লাউডভিত্তিক এআই-এর বিপরীতে এই ‘অন-ডিভাইস’ বা স্থানীয়ভাবে পরিচালিত এআই মডেল সম্পূর্ণ ব্যবহারকারীর কম্পিউটারের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে কাজ করে। ফলে ইন্টারনেট না থাকলেও কাজ থামবে না।

শুধু ইন্টারনেটহীনতা দূর করাই নয়, এই প্রযুক্তির সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা। যেহেতু সমস্ত প্রসেসিং নিজের কম্পিউটারে হয়, তাই কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য বাহ্যিক সার্ভারে যাওয়ার ঝুঁকি থাকে না। এ ছাড়া শক্তিশালী হার্ডওয়্যারে ইন্টারনেট ল্যাগ না থাকায় এর রেসপন্স বা সাড়াদানের গতিও হয় চমৎকার।

এতদিন ম্যাক ব্যবহারকারীরা ওলামা  বা এলএম স্টুডিও-র মতো তৃতীয় পক্ষের সফটওয়্যারের ওপর নির্ভর করতেন। এবার গুগল নিজেই সেই বাজারে প্রবেশ করল। প্লাটফর্মটির পাশাপাশি গুগল নিয়ে এসেছে ‘জেমা ৪ ১২বি’ নামে একটি শক্তিশালী মাল্টিমোডাল এআই মডেল। গুগলের দাবি, মাত্র ১২ বিলিয়ন প্যারামিটারের এই মডেলটি ২৬ বিলিয়নের অনেক বড় মডেলের সমতুল্য পারফরম্যান্স দিতে সক্ষম।

সবচেয়ে আশার কথা হলো, এই শক্তিশালী মডেলটি চালানোর জন্য কোনো সুপার কম্পিউটার লাগবে না; মাত্র ১৬ জিবি র?্যামযুক্ত সাধারণ ল্যাপটপেই এটি অনায়াসে চলবে। টেক্সট, ছবি ও অডিও প্রসেসিংয়ে দক্ষ এই মডেলটি কনটেন্ট তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালাইসিসের মতো জটিল কাজে দারুণ ভূমিকা রাখবে।

আসছে নতুন ডিকটেশন অ্যাপ : ‘এআই এজ এলোকুয়েন্ট’

ম্যাক ব্যবহারকারীদের জন্য গুগল আরও একটি উপহার এনেছেÑ ‘এআই এজ এলোকুয়েন্ট’ নামের একটি সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ডিকটেশন অ্যাপ।

এটি ব্যবহারকারীর মুখের কথাকে তাৎক্ষণিকভাবে নিখুঁত টেক্সটে রূপান্তর করবে। শুধু তাই নয়, কথা বলার সময় মুখ ফস্কে বেরিয়ে যাওয়া অপ্রয়োজনীয় শব্দ স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে লেখাকে করে তুলবে প্রাঞ্জল ও পাঠযোগ্য। সম্পূর্ণ অফলাইনে প্রসেসিং হওয়ায় এখানেও বজায় থাকবে তথ্যের শতভাগ নিরাপত্তা। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী লেখার ধরন বা পরিভাষাও সেট করে নিতে পারবেন।

ক্লাউড থেকে ডিভাইসের দিকে ঝুঁকছে বিশ্ব

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গুগলের এই পদক্ষেপ বিশ্ব প্রযুক্তি খাতের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। ক্লাউডনির্ভরতা কমিয়ে কোম্পানিগুলো এখন অন-ডিভাইস এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। ডিভাইসের নিজস্ব হার্ডওয়্যার বা প্রসেসরের সক্ষমতা যত বাড়ছে, কোম্পানিগুলোও তত বেশি অফলাইন এআই তৈরিতে বিনিয়োগ করছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস-এ সফলতার পর গুগলের ‘এআই এজ গ্যালারি’ এখন ম্যাকওএস-এর জন্য উন্মুক্ত। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে অন-ডিভাইস বা অফলাইন এআই টুলের এই পরিসর আরও বড় করবে গুগল।