কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোডিং প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে পাল্লা দিতে নতুন সংস্করণের মিউজ স্পার্ক ১.১ উন্মোচন করেছে মেটা। বহুমাত্রিক এই এআই মডেলটি বিশেষভাবে স্বয়ংক্রিয় এআই সহকারীভিত্তিক কোডিংয়ের জন্য তৈরি, যা শুধু কোড লিখতেই নয়, পরিকল্পনা, বিশ্লেষণ, সমস্যা সমাধান এবং জটিল ডিজিটাল কর্মপ্রবাহও পরিচালনা করতে সক্ষম।
বৃহস্পতিবার মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে মেটা জানায়, মিউজ স্পার্ক ১.১ একাধিক ধাপে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে এবং জটিল সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম। বড় প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করা, ত্রুটি শনাক্ত ও সমাধান, এমনকি বৃহৎ পরিসরের কোড স্থানান্তরের কাজেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে দাবি কোম্পানিটির। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মিউজ স্পার্ক ১.১ ব্যবহারের জন্য প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে খরচ হবে ১ দশমিক ২৫ মার্কিন ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনে ৪ দশমিক ২৫ মার্কিন ডলার। এই মূল্য ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ লুনা এবং অ্যানথ্রপিকের ক্লড হাইকু ৪.৫ মডেলের সঙ্গে প্রায় সমপর্যায়ের। চলতি সপ্তাহটি এআই খাতের জন্য ছিল বেশ ব্যস্ত। মিউজ স্পার্ক ১.১ প্রকাশের আগে মেটা উন্মোচন করে নতুন ছবি তৈরির এআই মডেল মিউজ ইমেজ। একই সময়ে ওপেনএআই প্রকাশ করেছে জিপিটি-৫.৬ পরিবারের নতুন মডেল এবং স্পেসএক্সএআই এনেছে গ্রোক-এর নতুন সংস্করণ। ফলে উন্নত প্রযুক্তি, বেশি সক্ষমতা এবং তুলনামূলক কম খরচের সেবা দিয়ে বাজার দখলের লড়াইয়ে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।

