নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে গতকাল বুধবার সকালে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে গিয়ে কাউকে পাননি ভূমি প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই আজকের এ ধরনের র্যান্ডম পরিদর্শন।
জানা গেছে, নির্ধারিত সময় সকাল ৯টার আগেই ওই ভূমি অফিসে উপস্থিত হন প্রতিমন্ত্রী। তিনি সেখানে কর্মকর্তারা আসার জন্য অপেক্ষা করতে থাকেন। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনো কোনো কর্মকর্তা উপস্থিত হননি।
অফিসকক্ষে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা র্যান্ডম সিলেক্টেড অফিস। আমরা ভূমি অফিসে অপেক্ষা করছি। এখানকার কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান, কী কী পেন্ডিং আছে, সব আমরা পর্যবেক্ষণ করব।
তিনি আরও বলেন, এখন ৯টা ১০ বাজে, কেউ আসেননি, যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর আছে, সেটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলব। আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যে ব্যবস্থা আছে তা গ্রহণ করা হবে।
তিনি জানান, এ ধরনের আকস্মিক পরিদর্শন সারা দেশে অব্যাহত থাকবে। যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাক্সিক্ষত সেবা পান।

