ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০২:০৭ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক ১১ জন পরিচালকসহ মোট ১২ জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এর আগে গত বছরের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন পরিচালিত হয়, যার একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক। নির্বাচনে রিটকারীরা বিধিমতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। রিটকারীদের অভিযোগ, কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, তদন্ত প্রতিবেদনের কপি দেওয়া হয়নি এবং শুনানির কোনো সুযোগও দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা বিষয়টি জানতে পারেন।

রিটকারী অন্য উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ফারুক আহমেদ, আসিফ আকবর ও খালেদ মাসুদ পাইলট। রিটের বিবাদীরা হলেনÑ যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের ছেলে ইব্রাহিম আহমদ ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

এর আগে অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১১ মে সেটি খারিজ করে দেয়।