পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চলে ফের মুখর হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশব্যাপী হামের ভয়াবহ প্রার্দুভাব, ডেঙ্গুর শঙ্কা আর প্রচ- গরমে সুষ্টুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই বড় সমস্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিখন ঘাটতি মেটাতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে তীব্র গরমের মধ্যে টানা ৬ দিন ক্লাস করা শিশুদের পক্ষে স্বাস্থ্যসম্মত নয় মন্তব্য তাদের।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ ক্লাস হয় ২১ মে বৃহস্পতিবার।
মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ছিল ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি ছিল গতকাল পর্যন্ত। ফলে সাপ্তাহিক ছুটি শেষে এসব প্রতিষ্ঠানেও আজ থেকে ক্লাস শুরু হবে। সব মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।
তবে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
এদিকে জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এ ছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষেও ছুটি রয়েছে।

