চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। মারা যাওয়া নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। আগের দিন বিম্ফোরক মামলায় গ্রেপ্তার হন যুবলীগের এই নেতা। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হলে ওই যুবলীগ নেতা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আটকের পর গত মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবলীগ নেতাকে আনা হয়েছিল চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে। গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, নুরুল আলমের হার্ট অ্যাটাক হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত ২০২৪ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

