ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

হাম ও ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:৪৩ এএম

একদিকে হামের ঊর্ধ্বমুখী সংক্রমণ, অন্যদিকে ভরা মৌসুমে ডেঙ্গুর দৌরাত্ম্য। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে বিরাজ করছে থমথমে অবস্থা। গতকাল বুধবার এক দিনেই হাম ও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচজনের। দ্রুততম সময়ের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, তারা বলছেনÑ এখনো সময় আছে সাধারণ মানুষের সচেতন হওয়ার। নিজেদের আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবারের কারো জ¦র আসলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার তাগিদ দিয়েছেন তারা।

হামবিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৬ এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩, গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০। গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৭৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

একই দিন ডেঙ্গুবিষয়ক অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন এবং রাজশাহী বিভাগে চারজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের ২৪ জুন পর্যন্ত দেশে মোট পাঁচ হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।