বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত মঙ্গলবার হঠাৎ অসুস্থবোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া হচ্ছেন একজন বাংলাদেশি ব্যারিস্টার ও রাজনীতিবিদ। তিনি ১৯৯১-৯৬ সালে প্রথম খালেদা জিয়া মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হলে মিয়া আইনজীবী হিসেবে তার পক্ষে লড়েন।
রফিকুল ইসলাম মিয়া ১৯৪৩ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী শাহিদা রফিক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন।

