থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে একটি সামরিক নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন প্যারামিলিটারি সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ‘বুকেতা সামি’ নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। একই সঙ্গে পাইপ বোমাও নিক্ষেপ করা হয়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেনাবাহিনী নিহত সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষায় তাদের আত্মত্যাগ সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে ঘটনাটি বিবেচনা করা হচ্ছে।
এর মাত্র একদিন আগে একই প্রদেশে একটি পুলিশ স্টেশনের বাইরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ। নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা দীর্ঘদিন ধরেই সহিংসতায় অস্থির। ২০০৪ সাল থেকে চলমান বিচ্ছিন্নতাবাদী সংঘাতে এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সম্প্রতি শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হলেও এখনো স্থায়ী সমাধানের কোনো অগ্রগতি দেখা যায়নি।

