হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; একজন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে। গত ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩০। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তখন থেকে হিসাব ধরলে, গত প্রায় সাড়ে চার মাসে হামের উপসর্গ নিয়ে দেশে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে।
এর পর আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৫ জন।
ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ৪০, সিলেটে ৭২, চট্টগ্রামে ৭২৯, বরিশালে ১০৪, ময়মনসিংহে ৬৪, খুলনায় ৪৬, রংপুরে ১৩ জন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৭ হাজার ৬৫৪ জন। এরমধ্যে ১ লাখ তিন হাজার ৪৬৭ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।

