ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১৬ এএম

যশোর, রাজশাহী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

বেনাপোল (যশোর) : শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ধাক্কায় আবু সাইদ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

রোববার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ি জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে। জানা যায়, তিনি নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।  

পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে মোটরসাইকেলের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকার হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল শিলমাড়িয়া ইউনিয়নের চন্দনমাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে রুবেলের। এতে তিনি গুরুতর আহত হন। 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : রায়গঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে মানসিক ভারসাম্যহীন একজন নিহত হয়েছেন। সোমবার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া বগুড়া টু ঢাকাগামী মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ফুলবর জয়পুরহাট জেলার খেতলাল থানার কসবা গ্রামের মৃত নায়েব ম-লের ছেলে। এ বিষয়ে ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে থানার এসআই আরব আলী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।