ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৩৭ এএম

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত মুনিরা খাতুন উপজেলার আমরপুর গ্রামের মাসুদের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মুনিরা খাতুন তার বোন মহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে স্ত্রী হাসপাতালে রয়েছেনÑ এ খবর পেয়ে ফরহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হলে ফরহাদ ধারালো অস্ত্র দিয়ে মুনিরার বুকে ও পেটের বাঁ পাশে আঘাত করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অবস্থায় মুনিরাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।