পেকুয়ায় এক প্রবাসীর বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। রোববার রাতে সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়ার সৌদি প্রবাসী জমির আলম ও তার ছোট ভাই মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিমের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী রেজাউল করিম বলেন, অস্ত্র ঠেকিয়ে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সবাইকে কক্ষে জিম্মি করে রাখে। পরে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এরপর বড় ভাই জমির আলমের কক্ষে ঢুকে আরও আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। তিনি জানান, ডাকাতরা নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

