ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:২৩ এএম

বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানা বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল শনিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে পুলিশ সড়ক খালি করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি প্রতিবাদী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে দাবি শ্রমিকদের।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সড়কে নেমে অবরোধ শুরু করেন। সকাল ৯টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করলেও বকেয়া বেতন ও ছাঁটাইসংক্রান্ত বিষয়ে সমাধান না হওয়ায় অবরোধ অব্যাহত থাকে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। রোগীবাহী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকা পড়ে। দুপুর ১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কারখানা এলাকা ও সড়কে। এ সময় কারখানার ভেতরে রূপগঞ্জের ইউএনওসহ পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ অবরুদ্ধ হয়ে পড়ে। কিছু স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

দুপুর ২টার দিকে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বকেয়া বেতন পরিশোধ, আহতদের চিকিৎসা ও নির্যাতনের অভিযোগ তদন্তের আশ্বাস দেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় এবং প্রায় ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সাংবাদিকদের জানান, আগামীকাল ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং চলতি সপ্তাহের মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ওভারটাইমের অর্থ পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।