কক্সবাজার জেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭১ জন জুলাইযোদ্ধাকে সরকারি ভাতার আওতায় আনা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আহতদের জন্য মাসিক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের লক্ষ্যে অর্থ ছাড় করা হয়েছে। এরই মধ্যে এপ্রিল মাসের ভাতার অর্থ উপকারভোগীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা জানিয়েছে, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাসপাতাল, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষ তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, আহত জুলাইযোদ্ধাদের জন্য সরকার তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। ‘এ’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত ‘এ’ ক্যাটাগরিতে কোনো উপকারভোগী অন্তর্ভুক্ত হয়নি।
কক্সবাজার জেলায় ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ৬ জন আহত জুলাইযোদ্ধা। তারা হলেন মো. মানিক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, ফজল করিম, রশিদ মিয়া ও মো. আব্দুল্লাহ আল সাহাব। তারা প্রত্যেকে মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।
অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ৬৫ জন আহত জুলাইযোদ্ধা। তারা প্রত্যেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এরই মধ্যে সোনালী ব্যাংকের কক্সবাজার শাখায় খোলা হিসাবের মাধ্যমে এপ্রিল মাসের ভাতার অর্থ জমা হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমাজসেবা বিভাগ কাজ করছে। উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে নিয়মিত ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধাদের প্রত্যেককে পৃথক আইডি নম্বর, কেস আইডি নম্বর এবং ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে। তারা নিয়মিতভাবে প্রতি মাসে নির্ধারিত ভাতা পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তা প্রদানের এই উদ্যোগ তাদের পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন