নাটোরের নলডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে মো. মনির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন সকালে নলডাঙ্গার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নলডাঙ্গা থানার ওসি মো. নুরে আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সঙ্গে মনির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে জমির আইল বাঁধা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ালে মনির হোসেনকে গুরুতর আহত করা হয়। পরে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন