বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হওয়ার পথে প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল। এদিকে গত শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে জাইমা রহমান নিজে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার বিষয়টি জানান।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী। গত শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।
মূলত তিন ধাপেÑ এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে, তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

