ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ

দেশব্যাপী স্বল্পচাপ থাকবে গ্যাসের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:১৮ এএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর (ভাসমান টার্মিনাল) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে যায় একটি। দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এতে করে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ দেখা দেয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, কয়েক দিন আগে একটি এফএসআরইউ রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। পরে সেখানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের কাজ করতে হচ্ছে, ফলে গ্যাস সরবরাহ আরও কমে যায়। তিনি বলেন, আমদানিনির্ভরতার কারণে মাঝেমধ্যেই আমাদের এ সংকটের মুখে পড়তে হয়।