ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৪০ এএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ আনা পিটারসন এবং হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

আলোচনায় বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এ সময় উভয় পক্ষ একমত হন যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না। ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা এ সময় বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনার বাংলাদেশের সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা এবং মারদিয়া মমতাজ এমপি ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।