ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে প্রবেশ নিষেধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৫৩ এএম

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম ও বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ আগামী ২ জুলাই হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব প্রকাশ করা হয়।